আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর বুধবার (২৫ নভেম্বর) তারা আগরতলায় যান। এদিকে আওয়ামী লীগ নেতাদের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বুধবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।
স্থানীয় ও দলীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে সম্ভাব্য যেসব স্থলবন্দর ব্যবহারের বিষয় সামনে আসতে পারে, সেগুলোর মধ্যে আগরতলা-আখাউড়া সীমান্ত অন্যতম।
এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় পৌঁছানোর খবরের পর আখাউড়া সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টা থেকে আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান কর্মসূচির প্রস্তুতি নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ফ্যাসিস্ট সরকার ২০২৪ এর ৫ আগস্টের পর ভারতে পালিয়ে গিয়েছে। আমরা ইতোমধ্যে খবর পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতা করার জন্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্ব প্রবেশ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী তাদের নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে।
এ ঘটনায় আখাউড়া সীমান্ত এলাকায় দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতা ঘিরে স্থানীয়ভাবে সতর্কতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য কিংবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের কোনো পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।








