Logo

প্রেমের টানে গুজরাট থেকে গৌরনদীতে তরুণ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৬, ১৭:১১
প্রেমের টানে গুজরাট থেকে গৌরনদীতে তরুণ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ।

বিজ্ঞাপন

পরে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। তাঁর বিয়ে হয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীর সঙ্গে।

ভারতীয় নাগরিকের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিয়ের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। তিনি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাহির পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাঁকে গ্রহণ করেন। পরে তাঁকে নিয়ে বরিশালের গৌরনদীতে যান তাঁরা।

পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় একজন মৌলভীকেও ডাকা হয়। পরে পরিবারের সদস্যরা ফাইজানকে জামাতা হিসেবে নিজেদের বাড়িতে নিয়ে যান।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তাঁদের যোগাযোগ বন্ধ হয়নি। এর ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ফাইজান।

মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছে। ফলে তাঁদের মধ্যে এখন আর ভাষাগত সমস্যা নেই। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানায় মাহি।

ফাইজান শাহ জানান, তাঁর বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাঁদের প্রেমের বিষয়টি তাঁর পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান। শ্বশুরবাড়িতে এসে তিনি বেশ আনন্দিত বলেও জানান।

মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় একজন তরুণ বাংলাদেশে এসে হুট করে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন—বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ তাঁকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মাহির বয়স ১৭ বছর হওয়ায় এ বিয়ের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশের প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী নারী অপ্রাপ্তবয়স্ক। এ ছাড়া নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা বিয়ের আনুষ্ঠানিকতার আইনগত কার্যকারিতা নিয়েও যাচাই প্রয়োজন। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD