Logo

সেন্ট মার্টিন ভ্রমণে চরম ভোগান্তি, দিন দিন কমছে পর্যটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৫ নভেম্বর, ২০২৬, ১৬:১১
সেন্ট মার্টিন ভ্রমণে চরম ভোগান্তি, দিন দিন কমছে পর্যটক
ছবি: সংগৃহীত

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করলেও যাতায়াতের দুর্ভোগে ম্লান হচ্ছে ভ্রমণের আনন্দ। জাহাজ ছাড়ার অনিশ্চিত সময়, দীর্ঘ নৌপথ, বৈরী আবহাওয়ায় দ্বীপে আটকে পড়া, বাড়তি ব্যয় এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতায় পর্যটকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এর প্রভাব পড়েছে পর্যটকসংখ্যার ওপরও। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, মৌসুম শুরু হলেও দ্বীপে পর্যটকদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম।

বিজ্ঞাপন

পর্যটক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা নদীর নাব্যসংকট। জোয়ারের পানির ওপর নির্ভর করে জাহাজ ছাড়তে হওয়ায় নির্দিষ্ট কোনো সময়সূচি অনুসরণ করা সম্ভব হচ্ছে না। কখনো গভীর রাতে, আবার কখনো ভোরে জাহাজ ছাড়ার ঘোষণা দেওয়া হচ্ছে। এতে হোটেলে অবস্থানরত পর্যটকদের হঠাৎ করেই ঘাটে পৌঁছাতে হয়।

অন্যদিকে, জাহাজে ওঠার পর সেন্ট মার্টিন পৌঁছাতে ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। দীর্ঘ এই যাত্রায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে।

নীলফামারী শহরের ব্যবসায়ী মো. খাইরুল আনাম প্রথমবার পরিবারের সদস্যদের নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। দ্বীপের সৌন্দর্য ও স্থানীয় বাসিন্দাদের আতিথেয়তা ভালো লাগলেও যাতায়াতের ব্যবস্থায় তিনি সন্তুষ্ট হতে পারেননি।

খাইরুল আনামের ভাষ্য, কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ কখন ছাড়বে, তা আগে থেকে নিশ্চিতভাবে জানা যায় না। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে যাত্রার সময় নির্ধারিত হওয়ায় পর্যটকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। পাশাপাশি আবহাওয়ার অবনতি হলে জাহাজ চলাচল বন্ধ বা সময়সূচি পরিবর্তনের তথ্যও যথাসময়ে পর্যটকদের কাছে পৌঁছায় না।

পরিবারের ছয় সদস্য নিয়ে দ্বীপে যাওয়া এই পর্যটক জানান, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে তাঁদের সাত ঘণ্টারও বেশি সময় জাহাজে থাকতে হয়েছে। এতে তাঁর বৃদ্ধ মা কয়েকবার অসুস্থ হয়ে বমি করেন। জনপ্রতি ৪ হাজার ২০০ টাকা জাহাজভাড়া দিয়েও স্বস্তিতে যাতায়াত করতে পারেননি তাঁরা।

প্রথমে দুই রাত তিন দিন দ্বীপে থাকার পরিকল্পনা থাকলেও আবহাওয়া খারাপ হয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তাঁদের পাঁচ দিনের বেশি অবস্থান করতে হয়। এতে বাড়তি সময়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপও তৈরি হয়।

একই ধরনের অভিজ্ঞতা হয়েছে সুনামগঞ্জ থেকে যাওয়া এনজিওকর্মী জাহেদ হাসানের। গত ১৮ নভেম্বর এক বন্ধুকে নিয়ে দুই দিনের জন্য সেন্ট মার্টিনে গেলেও বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত পাঁচ দিন থাকতে হয়েছে তাঁকে।

জাহেদ জানান, অতিরিক্ত তিন দিন অবস্থানের কারণে তাঁকে ধারদেনা করতে হয়েছে। তবে এ সময়ে দ্বীপের হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের প্রতি সহানুভূতিশীল আচরণ করেছে।

সুনামগঞ্জ থেকে ঢাকা হয়ে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছানোর পর জোয়ারের জন্য জাহাজ ছাড়ার অপেক্ষা করতে হওয়াকে অস্বাভাবিক বলে মনে করেন তিনি।

পর্যটকদের অভিযোগ, বাঁকখালী নদীতে পর্যাপ্ত জোয়ারের পানি না থাকলে জাহাজ চলাচল করা কঠিন হয়ে পড়ে। এ কারণে কখনো রাত সাড়ে ৩টা থেকে ভোর ৪টার মধ্যেও জাহাজ ছাড়ার ঘোষণা দেওয়া হয়। তখন হোটেল থেকে দ্রুত ঘাটে পৌঁছানোর জন্য পর্যটকদের ফোন করা হয়। গভীর রাতে ঘাটে যেতে গিয়ে অনেকে বিপাকে পড়েন। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় কারও কারও জাহাজে ওঠাও সম্ভব হয় না।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পরিবর্তে টেকনাফের শাহপরীর দ্বীপ অথবা মেরিন ড্রাইভের কোনো উপযোগী জেটি ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন পর্যটকরা। তাঁদের ধারণা, এসব স্থান থেকে জাহাজ চলাচল করলে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সেন্ট মার্টিনে পৌঁছানো সম্ভব হতে পারে। এতে যাত্রার সময় কমার পাশাপাশি দ্বীপে বেড়ানোর সুযোগও বাড়বে।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, পাহাড়ি ঢলের সঙ্গে পলি ও মাটি এসে বাঁকখালী নদীর নাব্য কমে গেছে। ফলে পর্যাপ্ত জোয়ারের পানি না আসা পর্যন্ত জাহাজ চলাচল করা সম্ভব হয় না।

তিনি জানান, সেন্ট মার্টিনের ঘাটে এ ধরনের সমস্যা নেই। আগে মেরিন ড্রাইভের নৌবাহিনী জেটি থেকে জাহাজ চলাচল করত। তখন দ্বীপে পৌঁছাতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগত। বর্তমানে পাঁচটি জাহাজ যাত্রী পরিবহন করছে। আরও কয়েকটি জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।

তাঁর অভিযোগ, বাঁকখালী নদী থেকে জাহাজ ছাড়ার কারণে যাত্রার সময় বেড়ে গেছে। বিষয়টি বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে একাধিকবার জানানো হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি।

হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হওয়ার পর পর্যটকের সংখ্যা ক্রমেই কমছে। গত সোমবার পাঁচটি জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ জন পর্যটক সেন্ট মার্টিনে গেছেন। এত কম যাত্রী নিয়ে জাহাজ পরিচালনা করায় জ্বালানি খরচও উঠছে না বলে দাবি করেন তিনি।

এদিকে বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএর নৌঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একই জেটি ব্যবহার করে মহেশখালী ও কুতুবদিয়াগামী যাত্রীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা নেওয়া হলেও সেন্ট মার্টিনগামীদের দিতে হচ্ছে ৫০ টাকা।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিআইডব্লিউটিএর কক্সবাজারের ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন। তাঁর দাবি, টেকনাফে সংস্থাটির জেটি থাকলেও মিয়ানমারের পরিস্থিতির কারণে সেখান থেকে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কক্সবাজার শহরের জেটি নিলামের মাধ্যমে টোল পুনর্নির্ধারণ করেছে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সেন্ট মার্টিন ভ্রমণে আরেকটি বড় অনিশ্চয়তা তৈরি করেছে বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়া। লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত সপ্তাহে দ্বীপে অন্তত দেড় হাজার পর্যটক ভোগান্তিতে পড়েন।

স্থানীয়ভাবে ৩ নম্বর সতর্কসংকেত জারি হওয়ায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দ্বীপে অবস্থানরত অনেক পর্যটক নির্ধারিত সময়ের চেয়ে কয়েক দিন বেশি থাকতে বাধ্য হন।

জাহাজ মালিকদের অভিযোগ, আবহাওয়ার পূর্বাভাস ও সংকেতসংক্রান্ত তথ্য যথাসময়ে পাওয়া যায় না। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুরের দাবি, আবহাওয়া বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতা পেতে সমস্যা হচ্ছে।

তবে স্থানীয় সহকারী আবহাওয়াবিদ এম এ হান্নান জানিয়েছেন, আবহাওয়ার সংকেত যথাসময়ে বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়।

বিআইডব্লিউটিএর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ৩ নম্বর সতর্কসংকেত জারি হলেই জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সেন্ট মার্টিনের পর্যটন কার্যক্রম পরিচালনায় প্রতিবছর ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পর্যটন কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএসহ একাধিক সরকারি সংস্থা দায়িত্ব পালন করে।

এর মধ্যে জেলা প্রশাসন সার্বিক কার্যক্রম সমন্বয় করে। পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিধিনিষেধ বাস্তবায়ন করে। পর্যটন কর্তৃপক্ষ পর্যটকদের অনুমতি ও টিকিটসংক্রান্ত বিষয় দেখভাল করে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কোস্ট গার্ড এবং জাহাজ চলাচল ব্যবস্থাপনা করে বিআইডব্লিউটিএ।

তবে পর্যটন কার্যক্রমে এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে বাঁকখালী নদীর ঘাট থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার সময়ও সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়নি।

বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন জানান, ঘাটে এখন পর্যন্ত পরিবেশ ও পর্যটন কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি আসেননি। জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিও গত তিন দিন ধরে নেই বলে তিনি উল্লেখ করেন।

পর্যটকদের মতে, নিরাপত্তার স্বার্থে বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত যৌক্তিক। তবে এ ধরনের পরিস্থিতিতে দ্বীপে আটকে পড়া পর্যটকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিকল্প সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে আবাসন, খাবার ও চিকিৎসাসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

একই সঙ্গে হোটেল, খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় এবং পর্যটক হয়রানি বন্ধে কার্যকর নজরদারি চান ভ্রমণকারীরা।

এদিকে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তদন্তে গত রবিবার সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান সায়েম।

তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে পর্যটকদের হয়রানির অভিযোগ যাচাই করতে তিনি দ্বীপে গেছেন। খাবারসহ বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

সব মিলিয়ে সেন্ট মার্টিনের পর্যটন খাতের সামনে এখন বড় চ্যালেঞ্জ যাতায়াত ব্যবস্থার অনিশ্চয়তা, দীর্ঘ নৌযাত্রা এবং সমন্বয়হীনতা দূর করা। পর্যটকদের দাবি, বিকল্প ঘাট চালু, নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত এবং দুর্যোগের সময় কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলা না হলে দ্বীপের পর্যটন আকর্ষণ ও ব্যবসায়িক কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD