Logo

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের ঢল

profile picture
জেলা প্রতিনিধি
বান্দরবান
৯ অক্টোবর, ২০২৬, ১৭:১৩
টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের ঢল
ফাইল ছবি

টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের আগাম বুকিংয়ে জমজমাট হয়ে উঠেছে বান্দরবানের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। ফলে শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পছন্দমতো আবাসন পেতে সমস্যায় পড়তে হতে পারে।

বিজ্ঞাপন

হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ ঘিরে পাহাড়ি জেলাটিতে পর্যটকদের আগ্রহ বেড়েছে। এর সঙ্গে ২৫ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা থাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে ভ্রমণে আগ্রহীদের আগেভাগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

কোনো হোটেলে শতভাগ, কোথাও ৪০ শতাংশ বুকিং

বান্দরবানের আবাসিক প্রতিষ্ঠানগুলোতে বুকিংয়ের হার এক রকম নয়। কিছু হোটেলের সব কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে এখনো সীমিতসংখ্যক কক্ষ খালি রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হোটেল গার্ডেন সিটির মালিক জাফর উল্লাহ জানান, তাদের হোটেলে মোট ২৫টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সব কক্ষের বুকিং সম্পন্ন হয়েছে। ছুটির আগের দিনগুলোতেও প্রায় ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে বলে জানান তিনি।

হোটেল ডি-মোরের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার মংচিং মারমা বলেন, তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণির মোট ৪৭টি কক্ষ রয়েছে। এসব কক্ষের ভাড়া চার হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। আগামী ২০ থেকে ২৩ অক্টোবরের জন্য গড়ে প্রায় ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।

অন্যদিকে, হোটেল গ্রিন ল্যান্ডের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার মাহাবুব জানান, তাদের হোটেলে দুই হাজার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়ার মোট ২৭টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের জন্য এসব কক্ষের প্রায় ৪০ শতাংশ বুকিং হয়েছে।

বিজ্ঞাপন

হোটেল স্কাই ব্লুর ম্যানেজার মামুন বলেন, তাদের প্রতিষ্ঠানে এক হাজার ২০০ থেকে পাঁচ হাজার টাকা ভাড়ার মোট ২৬টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা বাড়তি ভিড়ের

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও প্রবারণা পূর্ণিমাকে ঘিরে বান্দরবানের পর্যটন খাতে বাড়তি কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। পর্যটকদের আগমন বাড়লে হোটেল, রিসোর্ট, পরিবহন ও স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও লাভবান হতে পারেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে সব প্রতিষ্ঠানে বুকিংয়ের পরিস্থিতি এক নয়। তাই ভ্রমণের আগে হোটেলের কক্ষ খালি আছে কি না, ভাড়া কত এবং বুকিংয়ের শর্ত কী—এসব তথ্য সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে নিশ্চিত হওয়া জরুরি।

পছন্দমতো আবাসন নিশ্চিত করতে আগেভাগে বুকিং দেওয়ার পাশাপাশি যাতায়াত ও দর্শনীয় স্থান ভ্রমণের পরিকল্পনাও আগে থেকে করে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এতে ছুটির সময়ে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়িয়ে স্বস্তিতে বান্দরবান ভ্রমণ করা সহজ হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD