Logo

নরসিংদীর পারুলিয়ায় প্রায় ৪০০ বছরের ঐতিহাসিক তিন গম্বুজ মসজিদ

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
১৫ নভেম্বর, ২০২৬, ২০:০৩
নরসিংদীর পারুলিয়ায় প্রায় ৪০০ বছরের ঐতিহাসিক তিন গম্বুজ মসজিদ
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার শান্ত-নিরিবিলি গ্রাম পারুলিয়া। চারদিকে সবুজের সমারোহের মাঝে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘল আমলের অনন্য স্থাপত্য নিদর্শন তিন গম্বুজবিশিষ্ট ঐতিহাসিক মসজিদ। প্রায় চার শতাব্দী ধরে কালের সাক্ষী হয়ে থাকা এই মসজিদ আজও ধরে রেখেছে তার প্রাচীন স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব।

বিজ্ঞাপন

মসজিদটি শুধু মুসল্লিদের ইবাদতের স্থান নয়, বরং মুঘল আমলের স্থাপত্যকৌশল, শিল্পরুচি এবং স্থানীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরি মোতাবেক ১৭১৬-১৭ খ্রিষ্টাব্দে নাসিরের কন্যা ও দেওয়ান শরীফ খানের স্ত্রী জয়নব বিবি মসজিদটি নির্মাণ করেন। উল্লেখ্য, ১৫৮০ থেকে ১৭২২ সাল পর্যন্ত বর্তমান নরসিংদী অঞ্চল মহেশ্বরদী নামে পরিচিত ছিল।

স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি থেকে জানা যায়, একসময় ব্রহ্মপুত্র নদের তীর ছিল বেশ ব্যস্ত। নদীপথে চলাচল করত বড় বড় পালতোলা নৌযান। এসব নৌযান দেখতে নদীর পাড়ে ভিড় জমাতেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হয়, নৌযান দেখতে মানুষের এমন সমবেত হওয়ার ঐতিহ্যের সঙ্গে পারুলিয়া নামের উৎপত্তির সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রায় ১২ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত মসজিদটির স্থাপত্যশৈলী বেশ ব্যতিক্রমী। এর দেওয়াল প্রায় পাঁচ ফুট পুরু। রয়েছে শক্তপোক্ত পাথরের স্তম্ভ এবং প্রায় ৬০ ফুট দীর্ঘ মূল নামাজের কক্ষ। কক্ষটির ছাদে শোভা পাচ্ছে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ। মসজিদের সামনে রয়েছে প্রশস্ত কেন্দ্রীয় প্রবেশপথ। পূর্ব দিকে তিনটি দরজা ছাড়াও উত্তর ও দক্ষিণ পাশে প্রবেশের ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা পুরো মসজিদ প্রাঙ্গণে রয়েছে প্রশস্ত উঠান। এর উত্তর-পূর্ব কোণে দাঁড়িয়ে আছে দুটি উঁচু মিনার। সব মিলিয়ে স্থাপনাটির নির্মাণশৈলীতে মুঘল আমলের স্থাপত্যরুচির স্পষ্ট ছাপ পাওয়া যায়।

মসজিদের সামনের দেওয়ালে খোদাই করা শিলালিপি এর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ফারসি ও বাংলা ভাষায় লেখা ওই শিলালিপিতে উল্লেখ রয়েছে, দেওয়ান শরীফের সওয়াবের উদ্দেশ্যে জয়নব বিনতে নাসির মসজিদটি নির্মাণ করেন। এ ছাড়া বারান্দার প্রবেশপথের ওপর থাকা শিলালিপিতেও নির্মাণকাল এবং এর পেছনে থাকা ধর্মীয় অনুরাগের তথ্য পাওয়া যায়।

মসজিদের পূর্ব পাশে একটি পুকুরের তীরে রয়েছে গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ। সেখানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত আছেন দেওয়ান শরীফ খান ও তাঁর স্ত্রী জয়নব বিবি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরিতে দেওয়ান শরীফ খানের মৃত্যু হয়। পরের বছর মারা যান জয়নব বিবি। স্বামীর পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী একই সমাধিসৌধে দুজনকে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

মসজিদ প্রাঙ্গণে সিঁড়িসহ পাথরে নির্মিত চারটি পুকুর রয়েছে। বর্তমানে এসব পুকুর থেকে প্রাপ্ত আয় মসজিদের রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয়। দীর্ঘ পথচলায় প্রাকৃতিক দুর্যোগের আঘাতও সহ্য করতে হয়েছে ঐতিহাসিক এই স্থাপনাকে। ১৯০৪ সালের ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। একই ভূমিকম্পে দেওয়ান শরীফ খানের প্রশাসনিক আবাসভবনও ধসে পড়ে। এত প্রতিকূলতার মধ্যেও মসজিদটি তার মূল স্থাপত্যের উল্লেখযোগ্য অংশ অক্ষত রাখতে পেরেছে। প্রাঙ্গণের পূর্ব পাশে এখনো কয়েকটি প্রাচীন কবরের ধ্বংসাবশেষ দেখা যায়।

ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণে বিভিন্ন সময়ে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে মসজিদের কাঠামোগত ফাটল মেরামতের কাজ করা হয়। পরবর্তী সময়ে ২০১২ সালে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও স্থাপত্যের স্বকীয়তা বজায় রাখতে আরেক দফা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়।

মসজিদের ইমাম হাফেজ ওয়ালিউল্লাহ বলেন, ‘মসজিদটিতে নিয়মিত অনেক মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটে। তাদের অনেকের বিশ্বাস, এখানে নামাজ ও দোয়া করলে বিশেষ আধ্যাত্মিক বরকত পাওয়া যায়।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আরমান মিয়া জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনেও মসজিদটির বিশেষ অবস্থান রয়েছে।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘আমার বাড়ি মসজিদটির পাশের ইউনিয়নে। এটি আমাদের ঐতিহ্য ও পবিত্র স্থান হিসেবে বিবেচনা করি। আমি প্রতি শুক্রবার এখানে নামাজ আদায়ের চেষ্টা করি। মসজিদের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় প্রতি শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদের মূল স্থাপনা ছাড়া বাইরের মাজারগুলো সংস্কার করা প্রয়োজন।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদ বলেন, ‘মসজিদটি শুধু পলাশ উপজেলার নয় বরং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। মসজিদটির নিরাপত্তা জোরদার এবং মাজারগুলোর উন্নয়নে আমাদের পরিকল্পনা আছে। এ বিষয়ে শিগগিরই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

প্রায় চার শতাব্দীর ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলী ধারণ করে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে পারুলিয়ার তিন গম্বুজ মসজিদ। ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহারের পাশাপাশি এটি মুঘল আমলের মুসলিম স্থাপত্য ও সংস্কৃতির এক মূল্যবান নিদর্শন। ইতিহাস অনুসন্ধানী, স্থাপত্যপ্রেমী ও দর্শনার্থীদের কাছে তাই মসজিদটি অতীতের সঙ্গে বর্তমানের এক অনন্য সংযোগ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD