Logo

নতুন মজুরি কাঠামো নিয়েও ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ তিন কারখানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২৫ নভেম্বর, ২০২৬, ১৬:৩৪
নতুন মজুরি কাঠামো নিয়েও ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ, বন্ধ তিন কারখানা
ছবি: সংগৃহীত

নতুন মজুরি কাঠামো নির্ধারণের পরও নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের অসন্তোষ কমছে না। এবার গ্রেড উন্নয়ন, ছুটির সম্পূর্ণ অর্থ পরিশোধসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে তিনটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় এসব ঘটনা ঘটে। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। সেখানে পরিস্থিতি স্বাভাবিক ছিল।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কাজ করলেও তাদের পদমর্যাদা ও বেতন কাঠামোয় প্রত্যাশিত পরিবর্তন আসছে না। বিশেষ করে জ্যেষ্ঠ ও দক্ষ কর্মীদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে নিজেদের দাবির কথা জানিয়েছেন। তাদের প্রধান দাবি হলো, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ অর্থ পরিশোধ। তবে আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ফতুল্লার বাইরেও বকেয়া পাওনা আদায়ের দাবিতে শ্রমিকদের কর্মসূচি অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা। তাদের দাবি, দীর্ঘদিনের বকেয়া সার্ভিস বেনিফিটের অর্থ পরিশোধ করতে হবে।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া সার্ভিস বেনিফিট আদায়ের দাবিতে অবস্থান নিয়েছেন। কারখানাটি বন্ধ থাকায় সেখানে মালিকপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত নেই। তবে বিষয়টি সমাধানে উদ্যোগ নিয়েছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

এদিকে, সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবিলায় চাষাড়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

শ্রমিকদের অসন্তোষের কারণ হিসেবে নতুন মজুরি কাঠামোর বিষয়টিও সামনে এনেছেন শ্রমিকনেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন মনে করেন, মজুরি বোর্ড ঘোষিত নতুন বেতন কাঠামোয় শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি। তার ভাষ্য, বাস্তব পরিস্থিতির সঙ্গে নির্ধারিত মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

এ পরিস্থিতিতে বিদ্যমান মজুরি কাঠামো পুনর্মূল্যায়ন করে বেতন আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতাকে সমর্থন করেন না বলেও জানিয়েছেন এই শ্রমিকনেতা।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD