১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতির অবনতি হলে ওই এলাকার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পরে সকাল সাড়ে ৮টার দিকে পদ্মার মোড়সহ আশপাশের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা চালিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে ট্যানারি রোডে অবস্থান নেওয়া শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, হেমায়েতপুরের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।








