সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) গোপাল হালদারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় তাঁর বাম পা ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় সংগঠনটির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নামও উঠে এসেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গোপাল হালদার চৌরাস্তা এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নেতৃত্বে ১৮ থেকে ২০ জনের একটি দল সেখানে গিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে পেটায়। এতে তাঁর বাম পা ভেঙে যায়। স্থানীয় লোকজন তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা আবারও তাঁর ওপর আক্রমণ চালায় বলে জানা গেছে।
সাংবাদিকের পরিবারের দাবি, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহিদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন গোপাল হালদার। ৫ মিনিট ২৮ সেকেন্ডের ওই প্রতিবেদনে পটুয়াখালী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত না হয়েও ভুয়া সনদ ব্যবহার করে সরকারি গেজেটে জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার এবং সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগ তুলে ধরা হয়েছিল।
পরিবারের দাবি, ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই মিরাজ ইমতিয়াজ ও সংগঠনটির কয়েকজন সদস্যের সঙ্গে সাংবাদিক গোপালের বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
গোপাল হালদারের ভাই সুমন হালদার বলেন, আমার ভাইয়ের ওপর ছাত্রশক্তির নেতারা হামলা করেছে। হামলার একটি ভিডিও দেখে হামলাকারী হিসেবে মিরাজ ইমতিয়াজ, রুশদা, সাকের, কামরুল, আরাফাত ও মারুফসহ আমরা বেশ কয়েকজনকে সনাক্ত করতে পেরেছি। আগামীকাল আমরা মামলা করব।
এ বিষয়ে অভিযুক্ত জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








