ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে আগুন

ময়মনসিংহের রাজগঞ্জ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজগঞ্জে অবস্থিত ব্যাংকটির সাইনবোর্ডের নিচে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তবে শাখার নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের রাজগঞ্জ শাখাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে। বুধবার গভীর রাতে ব্যাংকের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন উৎপল কর নামের এক ব্যক্তি।
ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে’। প্রকাশিত ভিডিওতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে এবং ভবনের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়।
নৈশপ্রহরীর তৎপরতায় বড় ক্ষতি এড়ানো
ব্যাংক শাখাটির ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান জানান, রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বে থাকা নৈশপ্রহরী দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। ফলে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, ঘটনার পর বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আগুন দেওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
তিনি বলেন, ব্যাংকের সাইনবোর্ডের নিচে একটি টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।








