Logo

মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
২৬ নভেম্বর, ২০২৬, ১৪:৩৮
মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন এবং আধুনিক পশুচিকিৎসা সেবা সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন মন্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি পশুপাখির স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রাণিজ খাদ্যের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন দেশের প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতি। তবে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর সরবরাহ ব্যবস্থাও আরও শক্তিশালী করতে হবে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, উন্নত জাতের গবাদিপশু উৎপাদন এবং দুধের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানান আফরোজা খানম রিতা।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে সহজে পশুচিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গবাদিপশুর উৎপাদন ও জাতের মান উন্নয়নে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। এর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে।

মন্ত্রী মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাতের বিকাশের পাশাপাশি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার পথ আরও সুগম হবে।

মানিকগঞ্জের উদ্যোক্তা ও প্রাণিসম্পদ কার্যক্রমের প্রশংসা

মানিকগঞ্জ জেলার প্রাণিসম্পদ উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে।

এ ছাড়া পশুপাখির রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন তিনি।

এ সময় জেলার সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেনের উদ্যোগের কথা বিশেষভাবে উল্লেখ করেন আফরোজা খানম রিতা। তিনি জানান, শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে পশুখাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন জাবেদ।

এ ধরনের উদ্যোগের প্রসার ঘটাতে তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD