Logo

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু, হবে পার্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:২৯
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু, হবে পার্ক
ছবি: সংগৃহীত

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। উচ্ছেদ শেষে উদ্ধার করা জমিতে পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। এতে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনার কারণে জায়গাটির স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তির পরিকল্পিত ব্যবহারও বাধাগ্রস্ত হচ্ছিল। এ পরিস্থিতিতে দখলদারত্ব দূর করে জায়গাটি পরিচ্ছন্ন ও জনসাধারণের জন্য উপযোগী করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

গণপূর্ত বিভাগ জানিয়েছে, প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভাগের আওতাধীন সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। পুরাতন কলেজ খেয়াঘাটের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য সরকারি জমিও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হারিসুর রহমান বলেন, উচ্ছেদ করা জায়গাটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এদিকে সরকারি সম্পত্তি উদ্ধারে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, দীর্ঘদিনের অবৈধ দখলদারত্বের অবসান ঘটিয়ে জায়গাটি সংরক্ষণ ও পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে এলাকার সৌন্দর্য বাড়বে। পাশাপাশি পার্ক নির্মাণ করা হলে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অবসর কাটানোর একটি উন্মুক্ত স্থান তৈরি হবে।

স্থানীয়দের প্রত্যাশা, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর উদ্ধার করা জমি যেন পুনরায় দখল না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পার্ক নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জায়গাটিকে নগরবাসীর বিনোদন ও স্বস্তির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD