রংপুরে লাখো মুসল্লির অংশগ্রহণে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

রংপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।
বিজ্ঞাপন
নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং থেকে দর্শনা মোড় হয়ে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
তিন দিনের এ আয়োজনে কোরআন-হাদিসের আলোচনা, ধর্মীয় বয়ান, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে মুসল্লিদের মধ্যে ধর্মীয় চেতনা, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনায় শনিবার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
ইজতেমায় অংশ নিতে বদরগঞ্জ থেকে আসা জাহাঙ্গীর আলম বলেন, নিজের ঈমান-আমলকে মজবুত করার উদ্দেশ্যেই তিনি ইজতেমায় এসেছেন। মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভেদ ও পার্থক্য দূর হওয়ার জন্য দোয়া করেন তিনি। এত বড় ধর্মীয় সমাবেশে অংশ নিতে পেরে ভালো লাগছে বলেও জানান।
পীরগঞ্জ থেকে আসা বুরহান বলেন, ইজতেমাকে কেন্দ্র করে প্রত্যেক মুসল্লি যেন হেদায়েত লাভ করেন, সেই প্রত্যাশা তার। সমাবেশ শেষে সবাই যেন দ্বীনের শিক্ষা অর্জনের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হতে পারেন, সে জন্য দোয়া করেন তিনি।
আয়োজক কমিটির দায়িত্বশীল মাহমুদুল আমিন জানান, ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের আয়োজনকে আমলি ইজতেমা হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। রংপুরের এ সমাবেশে অংশ নিতে বিদেশ থেকেও বেশ কয়েকটি জামাত এসেছে। তাদের থাকা ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আয়োজক কমিটির আরেক দায়িত্বশীল হাফিজুর রহমান হাফিজ জানান, ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। বর্তমানে মারকাজের মুরব্বিরা ধর্মীয় বয়ান পরিচালনা করছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশ থেকে আসা জামাতের সদস্যরাও এতে অংশ নিচ্ছেন।
ইজতেমার মাঠে সার্বিক প্রস্তুতির বিষয়ে স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ট্যাপ স্থাপন করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন।
মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম। ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ ধর্মীয় সমাবেশ।








