Logo

রাজাপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:১৯
রাজাপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়ক থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফজরের নামাজ শেষে কয়েকজন বাসিন্দা হাঁটতে বের হন। এ সময় তাঁরা মহাসড়কের ওপর এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাজাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার ধরন কিংবা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তির পরিচয়ও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। পরিচয় উদ্‌ঘাটনের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রম চলছে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD