রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে আসছে মাদক ও ভারতীয় পণ্য

জামালপুরের বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্ত দিয়ে অব্যাহতভাবে দেশে প্রবেশ করছে ভারতীয় মাদক, গরু ও প্রসাধনী পণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দের পরও নিয়ন্ত্রণে আসছে না চোরাচালান। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের একাধিক পথ ব্যবহার করে সংঘবদ্ধ চক্র এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছে।
বিজ্ঞাপন
সীমান্ত দিয়ে মাদকের বিস্তার বাড়ায় বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে সন্তানদের মাদকাসক্ত হয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত অভিভাবক ও সচেতন মহল। চোরাচালান ও মাদক পাচার বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। এ ছাড়া জেলার উত্তরে রাজিবপুর ও রৌমারী এবং পূর্ব দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত।
বকশীগঞ্জ উপজেলার রয়েছে বিশেষ ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব। এখানে ধানুয়া কামালপুর স্থলবন্দর, লাউচাপড়া বিনোদনকেন্দ্র এবং সাধু আন্দ্রে ধর্মপল্লী অবস্থিত। তবে সীমান্তবর্তী অবস্থানের সুযোগ নিয়ে এ অঞ্চলে মাদক ও বিভিন্ন ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। মাদকের পাশাপাশি ভারতীয় গরু ও প্রসাধনী পণ্য পাচারের ঘটনাও ঘটছে।
স্থানীয় সূত্রের দাবি, রাতের বেলায় বকশীগঞ্জ ও শ্রীবরদীর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা বেড়ে যায়। বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া, দিঘলকোনা, টিলাপাড়া, সোমনাথপাড়া ও লাউচাপড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া এলাকা দিয়ে নিয়মিত মাদকের চালান দেশে প্রবেশ করছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকটি সংঘবদ্ধ চক্র এসব চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছে। একই পথে ভারতীয় গরু এবং প্রসাধনী পণ্যও আনা হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে গরু পাচারের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, এসব সীমান্তপথে প্রতিদিন বিপুল অর্থের অবৈধ পণ্য লেনদেন হচ্ছে। তবে চোরাচালানের প্রকৃত পরিমাণ ও সংশ্লিষ্ট চক্রের বিস্তৃতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো হিসাব পাওয়া যায়নি।
সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক মূল্য সাড়ে ১৬ লাখ টাকা। এর কয়েক দিন আগে একই এলাকা থেকে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ছাড়া ভারতীয় গরু পাচারের সময় আটটি গরু জব্দ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বিভিন্ন সময়ে ভারতীয় প্রসাধনী পণ্যও বিজিবির অভিযানে জব্দ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লাউচাপড়া এলাকার এক বাসিন্দা বলেন, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সীমান্তে চোরাকারবারিদের আনাগোনা থাকে। সুযোগ বুঝে তারা মাদক, গরু ও প্রসাধনী পণ্য বাংলাদেশে নিয়ে আসে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাদক জব্দ করা হলেও চোরাচালান বন্ধ হচ্ছে না। স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে একটি চক্র এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ২৩ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ ও মাদক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার এবং চোরাচালান বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
এ সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টদের মতে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে চোরাচালান পুরোপুরি বন্ধ করা কঠিন। এ জন্য সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করাও জরুরি।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশও নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকের ভয়াবহতা প্রতিরোধে পুলিশ কাজ করছে এবং অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, তাঁদের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক, গরু ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।








