কুষ্টিয়ায় জামায়াত প্রার্থীর বাড়ি ও অফিসে হামলা, আহত ৮

কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ও শহর শাখার ইউনিট সদস্য মো. শাজাহান আলীর বাসভবন, দলীয় কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে শাজাহান আলীসহ জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল অতর্কিতভাবে শাজাহান আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর বাসভবন, অফিস ও সামনের দোকানপাটে ব্যাপক ভাঙচুর করা হয়। পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
হামলার সময় ঘটনাস্থলে থাকা জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার নেপথ্যে জুগিয়া ভাটাপাড়া ঘাটের বালু উত্তোলন নিয়ে বিরোধের কথা জানিয়েছেন স্থানীয় সূত্রগুলো। তাঁদের দাবি, আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে ঘাটটির মালিকানা পরিবর্তন করে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু নেওয়ার পর সেখানে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন চলছিল। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং স্থানীয় পরিবেশেও বিরূপ প্রভাব সৃষ্টি হয়। এর প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী রাস্তাটি বন্ধ করে দেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পক্ষের অভিযোগ, এ বিরোধের জের ধরে শহর বিএনপি নেতা এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি ও যুবদল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘটনাটি সত্য এবং জামায়াতের ৮ থেকে ৯ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক সমাজে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।








