সিরাজগঞ্জে বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মোনাফ ও একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল। মোনাফ উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও বাসের চালককে আটক করা হয়।








