দুই দিনের ব্যবধানে চার সন্তানের মা হলেন রোহিঙ্গা নারী

কক্সবাজারের উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবে একটি সন্তান জন্ম দেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে আরও তিন সন্তানের জন্ম দেন তিনি। বিরল এ ঘটনায় চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
বিজ্ঞাপন
চার সন্তানের মা হওয়া জেসমিন বিবির বয়স ২৬ বছর। তিনি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের এ-১ এলাকার বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী। উখিয়ার পানবাজার বালুখালিতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে সন্তানগুলোর জন্ম হয়।
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এসএম গোলাম সারওয়ার এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভবতী হয়েছিলেন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর অস্তিত্ব শনাক্ত হয়। গত ১৩ নভেম্বর রাতে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবে একটি সন্তানের জন্ম দেন তিনি।
তবে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক না থাকায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন শিশুর। এভাবেই দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দেন জেসমিন।
ডা. এসএম গোলাম সারওয়ার বলেন, এটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসবের ঘটনা। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় চার শিশুর জন্ম সফলভাবে সম্পন্ন হয়েছে।








