যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, প্রত্যাহার ফেনীর সেই ওসি

যুব মহিলা লীগের সাবেক নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাঁকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিজ্ঞাপন
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলরেকর্ডের বিষয়টি পুলিশের নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় পরবর্তী তদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজীম নোমানের কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে আসার জন্য বারবার অনুরোধ করতে শোনা যায় ওসিকে। শুধু আসার কথা বলেই ক্ষান্ত হননি তিনি, বরং যাতায়াতের পথ, গাড়ি পরিবর্তনের স্থান ও ভাড়ার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেন। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের আশ্বাসও দেন তিনি।
প্রচারিত অডিও দুটির একটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটির ৬ মিনিট ২০ সেকেন্ড। প্রথম কথোপকথনে ওসিকে ওই নারীকে নিজের বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায়। দ্বিতীয় অডিওতে টাকা-পয়সার লেনদেন, মামলা এবং তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়। এ সময় ওই নারী তাঁর পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
প্রথম ফোনালাপে ওসি ওই নারীকে বাইরে বের হয়ে তাঁর বাসায় আসতে বলেন। কীভাবে সেখানে পৌঁছাতে হবে, সেটিও বুঝিয়ে দেন। কথোপকথনে তাঁকে বলতে শোনা যায়, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’
পরে রাস্তা নির্দেশনা দিতে গিয়ে ওসি বলেন, ‘মসজিদ দেখছো না হাতের বাম পাশে, এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।’
যাতায়াতের খরচ নিয়েও দুজনের মধ্যে কথা হয়। ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা দিবা।’ এ সময় ওই নারী তাঁর বাসায় যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন।
জবাবে ওসি বলেন, ‘তোমার লোকেশন তো দেখতেছি রামানন্দপুর।’ তবে ওই নারী সেখানে থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আল্লাহর কসম, একবারে আমার মরা মার কসম, আঙ্কেল আপনি আমাকে বিশ্বাসই করলেন না।’
এরপর ওসি বলেন, ‘আই বুঝি তোঁয়ার আঙ্কেল? তোমার মোবাইলে তো আমি এমনি লোকেশন দেখলাম। লোকেশন দেখতেছি যে ছয় নম্বর ওয়ার্ড রামানন্দপুর।’ ওই নারী আবারও রামানন্দপুরে না থাকার কথা জানান।
একপর্যায়ে ওসি তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ পরে নিজের বাসায় আসার জন্য একটি গাড়ি ভাড়া করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তুমি যেটা বেস্ট জানো ওইটা একটা রিজার্ভ করো।’
কথোপকথনের একপর্যায়ে ওসি বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’
এ সময় ওই নারী তাঁকে বারবার ফোন না করার অনুরোধ জানান। তাঁর ভাষ্য, বারবার ফোন এলে পরিবারের অন্য সদস্যরা প্রশ্ন করতে পারেন। পরে তিনি চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় বাজারে গিয়ে সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য গাড়িতে আসার পরিকল্পনার কথা জানান।
এ সময় ওসি বলেন, ‘আমি ওই যে গুগল ম্যাপে দেখি, মিয়াবাজার থেকে কতক্ষণ লাগে। তুমি মিয়াবাজার থেকে যেভাবে আসতে ডাইরেক্ট তাড়াতাড়ি আসা যায়।’ পাশাপাশি তিনি বলেন, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিবো, অসুবিধা নাই।’
ফোনালাপের শেষ দিকে ওই নারীকে রওনা হওয়ার পর জানাতে বলেন ওসি। তাঁর পৌঁছানোর সময় জানতে চেয়ে অপেক্ষা করার কথাও শোনা যায় কথোপকথনে।
অন্যদিকে দ্বিতীয় অডিওতে শুরুতেই ওই নারীকে উদ্দেশ করে ওসি বলেন, ‘আমি এর জন্য ক্ষমা প্রার্থী।’ এরপর ওই নারী তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা দাবি ও তাঁর বোনকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দেওয়ার দাবিও করেন তিনি।
ওই নারী আরও বলেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করলো, পারভেজ একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনাল হয়েও পারভেজ কি করে আপনাদের কাছে ফোন করে?’ জবাবে ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’
পরে ওই নারী দাগনভূঞা থানায় একাধিকবার যাওয়া, সাধারণ ডায়েরি (জিডি) করা এবং অভিযোগ দেওয়ার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, পারভেজের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
একপর্যায়ে ওসি আবারও ওই নারীর সঙ্গে দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছো নি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’
এ ছাড়া তিনি বলেন, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকা-পয়সা—সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এরপর থেকে আমার সাথে যোগাযোগ রাখবা।’ একই সঙ্গে তিনি বলেন, ‘নাইলে তোমার জন্য যতটুকু ক্ষতি, আমার জন্য এর থেকে বেশি ক্ষতি।’
এর জবাবে ওই নারী তাঁর বিরুদ্ধে মামলা, অর্থ হারানো এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, তুহিনের কারণে তাঁর বোনও সমস্যায় পড়েছেন। পাশাপাশি পারভেজকে গ্রেপ্তারের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘পারলে পারভেজকে অ্যারেস্ট করে দেখান। ফটিক মিয়ারে ধরলেই তো পারভেজ চলে আসে।’
কথোপকথনে ওই নারী তাঁর সন্তানদের অসুস্থতার কথাও জানান। তিনি বলেন, ‘আমার এতটুকু একটা ছেলে, তার জীবনটাও আপনারা শেষ করে দিছেন। আপনারা শেষ করছেন আমারে মামলা দিয়া হয়রানি কইরা। আমার মেয়ে বর্তমানে হাসপাতালে। আমার মেয়ের মামস, জ্বর-কাশি। মেয়ের অবস্থা অতটা ভালো না বুঝছেন নি?’
জবাবে ওসি বলেন, ‘এখন সব দোষ আমার উপর ঝাড়তেছো না?’ তখন ওই নারী বলেন, ‘না না, আপনার উপর আমি কেন ঝাড়মু? আমার ওই সাহস নাই আপনার উপর ঝাড়ার।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পরই ওসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
অডিও প্রকাশের পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, কলরেকর্ডের কথোপকথন তাঁরই। তবে আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের অংশ হিসেবে এসব কথা বলা হয়েছিল। তাঁর দাবি, পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন। এ ছাড়া টাকা লেনদেনসহ তাঁর বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কলরেকর্ডগুলো পুলিশের নজরে এসেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও দাগনভূঞা থানার এই ওসিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
ওই আদেশের পর অভিযোগ তদন্তে তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তবে পরবর্তী সময়ে ফয়জুল আজীম নোমানকে আবারও স্বপদে বহাল রাখা হয়েছিল।








