Logo

বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৬, ১৯:৫৬
বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ঘটনাটি ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সংসদ সদস্য জানিয়েছেন, কার্যালয়ে নয়, এর কাছাকাছি একটি ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের ভিডিও ধারণ করে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন যুবককে কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আগুনে সেখানে রাখা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে আগুন লাগার কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে আমাদের দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে ড্রেনের ওপর খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। অথচ সেই ঘটনাকে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিদর্শনে কার্যালয়ের কোনো ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD