কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, তফসিল ঘোষণা

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। সব প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে।
বুধবার নির্বাচন ভবনে সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে ভোটার হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
প্রকাশিত তালিকার তথ্য অনুযায়ী, দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২৯৭ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত এসব ভোটার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।








