ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ টমাস (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মর্তুজার ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত টমাস চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে তিনি খবর পেয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বিস্ফোরণের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।








