Logo

এমপি নুসরাতের বাড়িতে আগুন, মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৫ নভেম্বর, ২০২৬, ১৬:০২
এমপি নুসরাতের বাড়িতে আগুন, মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। বুধবার দুপুরে তদন্ত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ অক্টোবর) ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়। পরে দুপুরে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম।

তিনি জানান, তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রতিবেদনটি সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে সেটি জমা হয়েছে। প্রতিবেদনের সুপারিশ বা পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের আট নেতার নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে প্রাথমিকভাবে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে ১৩ নভেম্বর সকালে তদন্ত দলের সদস্যরা বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের বিভিন্ন তথ্যপ্রমাণ, ঘটনার সময়কার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় ১৬ নভেম্বর কমিটি আরও সাত কার্যদিবস সময় নেয়। ২৪ নভেম্বর ছিল বর্ধিত সময়ের শেষ দিন।

তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ।

কমিটির অন্য দুই সদস্য ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।

তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর এখন এর পর্যবেক্ষণ ও সুপারিশ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD