আবারও উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার সকালে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেগ পেতে হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সালনা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একই সময়ে মালেকের বাড়ী এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণা করার পর বুধবার সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় সড়ক অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে সালনা এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের পরিস্থিতি সংঘাতপূর্ণ হয়ে ওঠে।
সংঘর্ষে পুলিশ ও আনসার বাহিনীর অন্তত ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনগুলো ভোগান্তিতে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ী এলাকায় মূলত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল ও শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।








