টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগ করেছেন বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার ছয় নেতা। বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে তারা নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সকাল ১০টার দিকে গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের সিদ্ধান্ত জানান নেতারা।
পদত্যাগকারীরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।
লিখিত বক্তব্যে তারা জানান, পাটগাতী ইউনিয়ন বিএনপির বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হতে না পারায় ছয়জন স্বেচ্ছায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে নিজ নিজ সাংগঠনিক পদ ছাড়ার পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তারা।
নেতারা আরও দাবি করেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। পদত্যাগের ক্ষেত্রে কারও চাপ, প্ররোচনা কিংবা প্রভাব কাজ করেনি। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি এবং দলটির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তারা।
এদিকে ছয় নেতার পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অবগত নন বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। তিনি বলেন, তারা পদত্যাগ করেছেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি বিষয়টি।
দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে অসন্তোষের জেরে ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় বিএনপির রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।








