টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অচল মহাসড়ক

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিক আন্দোলনের প্রভাবে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে ৩১টি কারখানা।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান নিতে শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন তাঁরা। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রধান সড়ক এড়িয়ে স্বল্প দূরত্বের যানবাহন বিভিন্ন শাখা সড়কে প্রবেশ করায় সেখানেও যানজট ছড়িয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। সমস্যা সমাধান করে মহাসড়কগুলো সচল রাখার চেষ্টা চলছে।’
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জণবাণীকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ২০টি গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি গার্মেন্টস বন্ধ হয়েছে।








