Logo

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মির্জাপুরে সমন্বিত উদ্যোগ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৬, ১৯:৩৩
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মির্জাপুরে সমন্বিত উদ্যোগ
ছবি: সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে টাঙ্গাইলের মির্জাপুরে বহুখাতভিত্তিক অংশীজন প্ল্যাটফর্ম (MSP) গঠন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাঁশতৈল এলাকায় বাসা ফাউন্ডেশনের বিটিআরসি প্রশিক্ষণকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং বাসা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ ৩৫ জন অংশগ্রহণ করেন।

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং বাসা ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘বিডি বিফ অ্যান্ড গোট ভ্যালু চেইন সিগনেচার প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সমন্বিত ভূদৃশ্য ব্যবস্থাপনা (ILM) কার্যক্রমের ধারণা ও লক্ষ্য, স্থানীয় পরিবেশের বর্তমান অবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব ও ভূমিকা নির্ধারণ, কার্যকর কমিটি গঠন এবং সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় পরিবেশদূষণ, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়া এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে। এসব পরিবেশগত সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

আয়োজকদের প্রত্যাশা, নবগঠিত অংশীজন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর যোগাযোগের নেটওয়ার্ক গড়ে উঠবে। এর ফলে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।

সভায় বক্তব্য দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ, প্রোগ্রাম অফিসার মামুন চৌধুরী, কনসালট্যান্ট এআই চ্যাটবট জি এম মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী শামসুন্নাহার লাভলী, বাসা ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার গাজী মো. আসাদুজ্জামান, বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমি আক্তার এবং সুশীল সমাজের প্রতিনিধি আজহারুল ইসলাম প্রমুখ।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD