Logo

১০ দিনের ব্যবধানে ফেনীর পুলিশ সুপার পদে আবারও রদবদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ফেনী
২৫ নভেম্বর, ২০২৬, ১৭:৫৩
১০ দিনের ব্যবধানে ফেনীর পুলিশ সুপার পদে আবারও রদবদল
ছবি: সংগৃহীত

ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবীবুল্লাহকে। তাঁর জায়গায় নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে দুই দফা পরিবর্তন আনল সরকার।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুসারে, ফেনীর বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী জেলা পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছিল। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফেনীর তৎকালীন এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং সেখানকার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত ওই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশনা ছিল।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় পাঁচ মাস দায়িত্ব পালনের পর বদলির আদেশ পেয়ে ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব বুঝে নেন তিনি।

অন্যদিকে, নেত্রকোণার বাসিন্দা ২৭তম বিসিএস কর্মকর্তা মো. হাবীবুল্লাহ ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই নতুন আদেশে তাঁকে বদলি করা হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD