বাবার মরদেহ দাফন না করে সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

লক্ষ্মীপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফন না করে সন্তানদের মধ্যে মারামারি, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ৮১ বছর বয়সী মফিজ উল্যার দাফন সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে। মফিজ উল্যা ওই গ্রামের জালাল আহমেদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মারা যান মফিজ উল্যা। এরপর তাঁর মরদেহ ফ্রিজিং ভ্যানে রাখা হয়। পারিবারিক বিরোধের কারণে দাফন নিয়ে জটিলতা তৈরি হয়। পরে বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়ির কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের ভাই মিলন ও ফারুক এবং দুই বোন রোজিনা ও নাসিমা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা জমির দলিলপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িতে ভাঙচুর ও মারামারি করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার পর থেকে নাজমুন নাহারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজে তাঁকে মারধরের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজ উল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রবাসী ছেলে মনিরের বাড়িতেই বসবাস করতেন। এর আগে জমিজমা নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণে মফিজকে মনিরের বাড়িতে থাকতে হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জের ধরেই বৃদ্ধের মৃত্যুর পর মরদেহ বাড়িতে থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিলন ও ফারুক। তাঁদের দাবি, জমির দলিল হারিয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাঁদের যাওয়ার আগে কে বা কারা বাড়িতে ভাঙচুর ও হামলা করেছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।








