Logo

দোহারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৬, ২১:০২
দোহারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলার জয়পাড়া থানার মোড় থেকে শুরু হয়ে পৌরসভার করমআলীর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

তিনি বলেন, “আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয়ভাবে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।”

তিনি আরও বলেন, ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটি মহল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে খন্দকার আবু আশফাক বলেন, প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, পৌরসভা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খান, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারি, পৌরসভা বিএনপি নেতা তৈয়ব আকন্দ এবং সাবেক ছাত্রদল সভাপতি হায়দার আলী হিরু প্রমুখ।

পথসভায় বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD