Logo

কাজের বিরতিতে সড়কে বসে বিশ্রাম, রোলারের চাপায় কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৬, ২২:২৫
কাজের বিরতিতে সড়কে বসে বিশ্রাম, রোলারের চাপায় কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফেনীতে সড়ক সংস্কারকাজে ব্যবহৃত রোড রোলারের চাপায় মো. নীরব (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রাণীরহাট বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নীরব নেত্রকোণা জেলার বটতলী ইউনিয়নের মোহনগঞ্জ এলাকার হাসেমের ছেলে। এক সপ্তাহ আগে সড়ক নির্মাণকাজের শ্রমিক হিসেবে সে ফেনীতে এসেছিল। রাণীরহাট বাজার-সংলগ্ন বিরিঞ্চি ব্রিকস ওয়ার্কস এলাকায় থাকত নীরব।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিপুর-স্টার লাইন সড়কের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল নীরব। দুপুর ২টার দিকে কাজের বিরতিতে সে সড়কের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় রোড রোলারটি পেছনের দিকে যাওয়ার সময় চালক নুর আলম তাকে দেখতে পাননি। এতে রোলারের নিচে চাপা পড়ে নীরব গুরুতর আহত হয়। তার মাথা ও বুকে আঘাত লাগে।

পরে প্রকল্পের ব্যবস্থাপক মো. তারেক ও অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD