আবর্জনার ভাগাড় থেকে ভৈরবকে বাঁচাতে একাই নেমেছিলেন ঊষা

একসময় ভৈরব নদ ছিল যশোর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও যোগাযোগের অন্যতম প্রধান অবলম্বন। শহরের বুক চিরে বয়ে চলা সেই নদে জোয়ার-ভাটা খেলত, পানিতে পড়ত আকাশের ছায়া। অথচ সময়ের ব্যবধানে নদটি কচুরিপানা, শেওলা ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়েও পানির দেখা মেলে না, নাকে আসে দুর্গন্ধ।
বিজ্ঞাপন
নদের এই দুর্দশা মেনে নিতে পারেননি এক নারী চিকিৎসক। তার মনে হয়েছে, নদেরও প্রাণ আছে। সেই প্রাণ ফিরিয়ে আনতে ভৈরবের পানিতে আবার আকাশের ছায়া দেখার স্বপ্ন নিয়ে নদটি পরিষ্কারের প্রতিজ্ঞা করেন তিনি। কারও অপেক্ষায় না থেকে নেমে পড়েন কাজে। একার সেই উদ্যোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। যুক্ত হন স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এমন কর্মকাণ্ডে সাড়া ফেলেছেন যশোরের চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা ঊষা।
গত ৫ নভেম্বর নিজের ফেসবুকে ‘যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার করতে চাই, পরামর্শ চাই’ লিখে একটি পোস্ট দেন ঊষা। তবে শুধু পরামর্শের অপেক্ষায় থাকেননি। পরদিনই কচুরিপানা ও আবর্জনায় ভরা নদে নেমে শুরু করেন পরিষ্কারের কাজ।
যশোর শহরের ঘোপ ও বারান্দিপাড়া এলাকায় বেড়ে ওঠা ঊষার শৈশব-কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে ভৈরবের সঙ্গে। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী। ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত। চিকিৎসক পরিচয়ের বাইরেও সংগীতশিল্পী হিসেবে পরিচিতি রয়েছে তার।
ভৈরবের সঙ্গে ঊষার সম্পর্ক কেবল একটি নদের নয়, বেড়ে ওঠার দিনগুলোরও। তাই বারবার যশোরে এসে নদটির এমন অবস্থা দেখে মন খারাপ হতো তার। ৫ নভেম্বর ফেসবুক লাইভে সেই হতাশা ও ক্ষোভের কথাই তুলে ধরেন তিনি।
ঊষা বলেন, যশোরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরবের দুই পাশে বড় বড় প্রতিষ্ঠান। আশপাশের মানুষও শিক্ষিত। অথচ নদের পানি দেখা যায় না। যতবার যশোরে আসি, ততবারই মন খারাপ হয়। দড়াটানা ব্রিজের সামনে দাঁড়িয়ে শ্বাস নিতে গেলেও নাকে এসে লাগে দুর্গন্ধ।
প্রথম দুই দিন একাই কচুরিপানা সরানোর চেষ্টা করেন ঊষা। ৬ ও ৭ নভেম্বর কাজ করতে গিয়ে বুঝতে পারেন, একার পক্ষে নদ পরিষ্কার করা সম্ভব নয়। ৯ নভেম্বর ফেসবুকে লেখেন, ‘ম্যান পাওয়ার দরকার, প্লিজ সবাই চলে আসুন।’ তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন কয়েকজন। এরপর ১৩ নভেম্বর যশোরের সব শ্রেণির মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘একজন মানুষ ১টি কচুরিপানা, ৩৬ লাখ মানুষের যশোর।’
এই আহ্বান যশোরবাসীকে নাড়া দেয়। একজন চিকিৎসকের একার লড়াই দেখে অনেকেই ঘরে বসে থাকেননি। প্রথম ধাপে শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী নদ পরিষ্কারের কাজে অংশ নেন। যুক্ত হয় স্থানীয় স্বেচ্ছাসেবক, উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, বিডি ক্লিন, জন-উদ্যোগ যশোর, যশোরের রাবি ফোরাম, ওয়াফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। পরে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এগিয়ে আসেন।
তবে পথটি নির্বিঘ্ন ছিল না। নদে ফেলা হাসপাতালের বর্জ্য সরাতে গিয়ে আহত হন ঊষা। তার পায়ে একাধিক ধারালো বস্তুর আঘাত লাগে। ১১ নভেম্বর ফেসবুকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমার পা মাটিতে পড়ছে না, কারণ পায়ে মাল্টিপল শার্প কাটিং ইনজুরি। ওষুধ খেয়ে চাঙ্গা হতে একটু সময় লেগে গেল।’
আঘাত পেয়েও থেমে থাকেননি তিনি। বরং আরও বেশি মানুষকে কাজে যুক্ত করার চেষ্টা চালিয়ে যান। তার আহ্বানে সাড়া দেন যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১৫ নভেম্বর প্রতিমন্ত্রীর উদ্দেশে দেওয়া আবেগঘন বার্তায় ঊষা লেখেন, ‘আপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চাই। আমরা আপনাকে চাই স্যার। ভৈরবের আপনাকে ভীষণ প্রয়োজন। ভৈরবের পাড়ে ভৈরবের জন্য আপনার এক মিনিট উপস্থিতি, একটি কচুরিপানার দিকে তাকানো, আর্থিক সহযোগিতা থেকেও বেশি মূল্যবান।’
পরে প্রতিমন্ত্রীর নির্দেশে ভৈরব পরিষ্কারের কাজে যোগ দেন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এভাবে একজনের ব্যক্তিগত উদ্যোগ ক্রমেই সম্মিলিত প্রয়াসে রূপ নেয়।
গত ২০ দিনের কার্যক্রমে দড়াটানা থেকে কাঠেরপুল পর্যন্ত নদটির কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কাজ শেষ হয়েছে। এখন দড়াটানা থেকে গরিবশাহমুখী অংশে পরিষ্কারের কাজ চলছে। এতে অংশ নিচ্ছেন বিডি ক্লিন বাংলাদেশের সদস্যরাও।
ভৈরবের পানিতে আকাশের ছায়া দেখতে চেয়েছিলেন ঊষা। ২২ নভেম্বর সেই স্বপ্নের কিছুটা বাস্তব রূপ দেখতে পান তিনি। সেদিন নৌকায় চড়ে নদে ফেসবুক লাইভে আসেন। তখন তার চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমি চাঁদ দেখতে চেয়েছিলাম, আকাশ দেখতে চেয়েছিলাম, পাখির ছায়া দেখতে চেয়েছিলাম। সেটা পেয়েছি। আমার ভীষণ ভালো লাগছে। কঠোর পরিশ্রম অবশেষে সফল হলো। কত নাম না-জানা মানুষ যে আমাদের নানাভাবে সাহায্য করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। সবার প্রতি কৃতজ্ঞতা।
এ আনন্দ কেবল কচুরিপানা সরানোর নয়, মানুষের সম্মিলিত চেষ্টায় অসম্ভবকে সম্ভব করারও। তবে ঊষা জানেন, নদ পরিষ্কার করাই ভৈরবকে বাঁচানোর শেষ কথা নয়। তার মতে, নদের দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে। পানির রং ঘন কালো। কচুরিপানা জমে নদটি ভাগাড়ে পরিণত হয়েছে, মশা-মাছির বড় আশ্রয়স্থল হয়ে উঠেছে। এসব সমস্যার স্থায়ী সমাধান না হলে নদটি আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে।
এমবিবিএস পাসের পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কঙ্গোতে কাজ করতে গিয়ে নদ রক্ষায় সেখানকার মানুষের নানা উদ্যোগ দেখেছেন ঊষা। তিনি বলেন, নদ বাঁচাতে সেখানকার মানুষ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেন। বাংলাদেশের বাস্তবতা তার উল্টো। অথচ সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তনই যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। আর সেই পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ একটি জীবন্ত নদ।
মানুষের সাড়া পেয়ে মুগ্ধ ঊষা বলেন, চিকিৎসক হিসেবে রোগীকে সুস্থ করতে যেমন আশা ছাড়ি না, তেমনি এই ভৈরব বাঁচাতে আশা ছাড়ছি না। আর আমার এই স্বপ্ন এখন আর একার নয়, তাতে শামিল হয়েছেন অনেক মানুষ। তবে এই পথ অনেক কঠিন। নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।
শুরুতে নানা নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে তাকে। একসময় মনে হয়েছিল, হয়তো কিছুই করতে পারবেন না। কিন্তু তার জেদ ছিল, অন্তত কচুরিপানাগুলোকে নাড়া দিতে পারবেন। সেই নাড়া দেওয়ার কাজেই এখন যশোরবাসীর অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি।
ঊষা জানান, কাজ চলমান থাকবে। নদটির পাড়ও সুন্দরভাবে সাজাতে হবে। এ ক্ষেত্রে যশোর পৌরসভা কাজ করার আশ্বাস দিয়েছে। কচুরিপানা ও আবর্জনা শুকিয়ে গেলে তারা নদপাড়ের সৌন্দর্যবর্ধনের কাজ করবে বলে জানিয়েছে।
ভৈরবকে ঘিরে ঊষার স্বপ্ন আরও বড়। তিনি চান, নদটির দুই পাশে হাঁটার পথ তৈরি হোক, যাতে সকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যারা হাঁটাহাঁটি করেন, তারা নদপাড়ে হাঁটতে পারেন। শহর যেন নদের মাধ্যমে শ্বাস নেয়, মানুষ পায় নির্মল বাতাস। নদের পানির রং হবে সেন্টমার্টিনের মতো। চলবে ওয়াটার বাস। শীতের অতিথি পাখিরা আকাশ থেকে নেমে আসবে ভৈরবের পানিতে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানিয়েছেন, ভৈরব নদের শহর অংশ থেকে কচুরিপানা অপসারণের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত কাজ শুরুর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, একসময় ভৈরব নদে জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয়ে খননকাজ করা হয়েছিল। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে আবারও কচুরিপানা ও ময়লায় ঢেকে যায় নদটি। হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্য সরাসরি নদে ফেলার অভিযোগও রয়েছে। ফলে ঊষার উদ্যোগে সাময়িক পরিচ্ছন্নতার পাশাপাশি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নদটির স্থায়ী দূষণ রোধ ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা।








