Logo

ফেসবুকে ছবি ছড়ানোর ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৫ নভেম্বর, ২০২৬, ২২:০২
ফেসবুকে ছবি ছড়ানোর ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ঢাকার আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হোটেলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, উপজেলার হাসাইল গ্রামের বাবুল হালদারের ছেলে পিয়ার হোসেন হালদারের (৪৫) সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয়। দীর্ঘদিনের যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পিয়ার হোসেন ফেসবুকে ছবি প্রকাশের ভয় দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। অভিযোগ, গত সোমবার (২৩ নভেম্বর) তাকে ঢাকার একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে তার বাবা টঙ্গীবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়দের দাবি, পিয়ার হালদার বিবাহিত। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর বুধবার (২৫ নভেম্বর) বিকেলে হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের বাড়িতে সালিশের আয়োজন করা হয়। সেখানে কিশোরীর উপস্থিতিতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে পিয়ার হোসেন হালদার বলেন, ‘বিয়ে করে তাকে নিয়ে রাত কাটিয়েছি। বিকালে বিচারে স্থানীয় লোকজন বসবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, ‘পিয়ার হালদার একটি মেয়েকে ঢাকায় নিয়ে গিয়েছিল। তারা দুজন আবার ফিরে এসেছে। মেয়েটি আমার বাড়িতে আছে। থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা মেয়েটিকে পরিবারের হাতে তুলে দিতে বলেছে।’

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, কিশোরীর পরিবার নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ করেছিল। তবে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD