Logo

চোখে আলো নেই, কুরআন প্রতিযোগিতায় বিভাগে তৃতীয় হোসাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৬, ২২:৫৯
চোখে আলো নেই, কুরআন প্রতিযোগিতায় বিভাগে তৃতীয় হোসাইন
ছবি: সংগৃহীত

চোখে দেখতে পায় না, তবু কুরআনের আয়াত মুখস্থ করে সাফল্যের নজির গড়েছে বান্দরবানের লামা উপজেলার মোহাম্মদ হোসাইন। বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে এবার জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। তার এই অর্জনে গর্বিত পরিবার, শিক্ষক ও স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

হোসাইন লামার নুরুল আলম মাদ্রাসা ও দিলওয়ারা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের পর বিভাগীয় পর্যায়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে সে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকদের ভাষ্য, দৃষ্টিপ্রতিবন্ধী হলেও কুরআনের আয়াত আত্মস্থ করার ক্ষেত্রে হোসাইনের মনোযোগ ও মেধা অসাধারণ। তার এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের ত্যাগ।

হোসাইনের পরিবারও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তার বাবা জানান, তিন সন্তানের মধ্যে দুই ছেলেই বিশেষ চাহিদাসম্পন্ন। ছোট মেয়ের ভবিষ্যৎ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। টমটম চালিয়ে সামান্য যে আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার চালাতে হয়। তবে আর্থিক সীমাবদ্ধতা কখনো সন্তানদের প্রতি দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়ায়নি।

আবেগাপ্লুত কণ্ঠে হোসাইনের বাবা বলেন, শত কষ্টের মধ্যেও সন্তানদের কখনো বোঝা মনে করিনি। আজ আমার ছেলে কুরআন প্রতিযোগিতায় বিভাগে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে—এটা আল্লাহর অশেষ রহমত। দেশবাসীর কাছে আমার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা চাই।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মোহাম্মদ হোসাইন উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে বিভাগে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। এটি লামা উপজেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও বলেন, প্রতিবন্ধকতা যে মেধা ও সাধনার পথে বাধা হতে পারে না, হোসাইন তার জীবন্ত উদাহরণ। তার এই সাফল্যে শিক্ষক ও পরিবারের অবদান প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD