নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে আগুন, নিরাপত্তা চাইলেন ফাহিম

নেত্রকোনা পৌরশহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডে বাড়ির বারান্দাসংলগ্ন একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফাহিম রহমান খান পাঠান হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবীবিষয়ক সহসম্পাদকের দায়িত্বে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাড়ির বারান্দার একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন বাসার ভেতরে থাকা লোকজন। তাঁরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। তিনি অগ্নিসংযোগের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি পোস্ট দিয়েছেন তিনি।
মোবাইল ফোনে ফাহিম রহমান খান পাঠান বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও অবহিত করেছিলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররাই ঘটিয়েছে। রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








