Logo

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, টিয়ারশেলে ছত্রভঙ্গ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১২:১০
৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, টিয়ারশেলে ছত্রভঙ্গ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও কর্মবিরতি ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন গাজীপুরের পোশাকশ্রমিকদের একটি অংশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের জড়ো হয়ে বিক্ষোভের একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞাপন

সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। এ ঘটনায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকায় আটটি পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকায় কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে আগের দিনের তুলনায় জেলার সামগ্রিক শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বিভিন্ন এলাকায় কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকদের একটি অংশ নিয়মিত কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি অন্যদিনের তুলনায় স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় কারখানা চালু আছে, শ্রমিকরাও কাজ করছেন। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD