Logo

ফকিরহাটে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, তিনজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:২৫
ফকিরহাটে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, তিনজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের শনাক্ত করার পর খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরীকুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা এলাকার আলতাফ হোসেনের ছেলে মাহফুজুল নবী (৩১) এবং বাগেরহাট সদর উপজেলার বারাশিয়া, হালসাং ফকিরহাটের মুলঘর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট উপজেলা সদরের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত এসএম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

ঘটনার পর থেকেই জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার তিনজনের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD