Logo

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:০৭
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে নিহত ১
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে আলমগীর দেওয়ান নামে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে সেলিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি চরডুমুরিয়া এলাকার মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার ভোরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

স্থানীয় সূত্র আরও জানায়, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সেলিমের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে আলমগীর দেওয়ান নিখোঁজ হন। এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের সময় নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মাঝ মেঘনায় নিখোঁজ হন আলমগীর দেওয়ান। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD