Logo

ভিক্ষুকদের সময় বেঁধে দিল ফকির কমিটি, পাঁচটার পর ভিক্ষা করলেই জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:১৫
ভিক্ষুকদের সময় বেঁধে দিল ফকির কমিটি, পাঁচটার পর ভিক্ষা করলেই জরিমানা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে দিন ও সময় নির্ধারণ করে দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি মো. আনোয়ার হোসেন। নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ডের ঘোষণাও দিয়েছেন তিনি। তাঁর এমন ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) ফুলপুর বাজারের গোলচত্বরে হুইলচেয়ারে বসে হাতে হ্যান্ডমাইক নিয়ে এসব নির্দেশনা প্রচার করেন কমিটির সভাপতি আনোয়ার হোসেন। এ সময় বাজারে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের উদ্দেশে বিভিন্ন বিধিনিষেধের কথা জানান তিনি।

মাইকিংয়ে আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার হাটবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনে বাজারের যত্রতত্র ভিক্ষা করা যাবে না। নির্ধারিত নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করতে হবে। বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে তাঁকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তাঁর পাশে রাখা একটি স্ট্যান্ডে কমিটির অনুমোদিত পরিচয়পত্র বা কাগজপত্র ঝোলানো অবস্থায় দেখা যায়।

কমিটির সভাপতির এমন ব্যতিক্রমী ঘোষণা বাজারে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে। পরে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

স্থানীয়দের একাংশ মনে করছেন, বাজারে ভিক্ষুকদের অবাধ চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে শৃঙ্খলা আনার উদ্যোগ হিসেবে কমিটির এমন সিদ্ধান্ত ইতিবাচক হতে পারে। তবে অন্যদের প্রশ্ন, একটি বেসরকারি সমিতি বা কমিটি কীভাবে কাউকে জরিমানা কিংবা কারাদণ্ড দেওয়ার ঘোষণা দিতে পারে?

বিশেষ করে আইন প্রয়োগের এখতিয়ার ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠন এ ধরনের শাস্তি কার্যকর করতে পারে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে। কোন এখতিয়ারে এবং কীভাবে তিনি জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD