লংগদুতে স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধ বিতরণ

শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং প্রাণিজ আমিষ গ্রহণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাঙামাটির লংগদুতে শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্কুল ফিডিং কর্মসূচি-২০২৬ উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি এ খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, বাড়ন্ত বয়সে শিশুদের জন্য ডিম ও দুধ সহজলভ্য এবং পুষ্টিকর খাবার। এসব খাবার শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি মস্তিষ্কের বিকাশেও ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, ডিমের কুসুমে থাকা কোলিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সহায়তা করে। পাশাপাশি স্মৃতিশক্তি ও পড়াশোনায় মনোযোগ বাড়াতেও এসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়। আয়োজকদের মতে, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উৎপাদিত খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কেও সচেতনতা তৈরি করা সম্ভব হবে।








