Logo

নামফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
নরসিংদী
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:৪৯
নামফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘ঐতিহ্য’ নামের একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের নামের পাশে তাঁর স্ত্রীর নাম যুক্ত করাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। পরিস্থিতির মধ্যে স্থাপনাটির উদ্বোধন না করেই অন্য অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়ার নরসিংদী জেলা সফরের অংশ হিসেবে স্থাপনাটি উদ্বোধনের কর্মসূচি নির্ধারিত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। পুরোনো ওই গাড়িটি ইতিহাসের সাক্ষী ও স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবে ধরে রাখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়। স্থাপনাটির নাম রাখা হয়েছে ‘ঐতিহ্য’।

পরিকল্পনা অনুযায়ী, নরসিংদী সফর শেষে শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি স্থাপনাটির উদ্বোধন করার কথা ছিল বিভাগীয় কমিশনারের। তবে উদ্বোধনী নামফলকে তাঁর নামের সঙ্গে স্ত্রীর নামও উল্লেখ করা হয়েছে—এ বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও সমালোচনা শুরু হয়।

একপর্যায়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত স্থাপনাটির উদ্বোধন না করেই অন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিভাগীয় কমিশনার।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে উপজেলা কমপ্লেক্সে পৌঁছান। সেখানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় নরসিংদীর জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনী ফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার কারণ জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়।

এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যার এখনো উপস্থিত আছেন। এ বিষয়ে পরে কথা হবে।’

নামফলকে স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চাওয়া হলেও ইউএনও পরে কথা বলবেন বলে জানান। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD