Logo

অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করবে সরকার: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১৪:০১
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করবে সরকার: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, আওয়ামী লীগ তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই তা প্রমাণ করেছে। অগ্নিসন্ত্রাসসহ সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধের ধরন বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়েও সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

এর আগে শৈলকূপা সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সম্পাদক জাহিদুজ্জামান মানাসহ শৈলকূপা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD