আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের পথেই ফিরতে চাইছে: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অতীতে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, এখনো একই কৌশলে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক তৎপরতা হিসেবে দেখতে নারাজ তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যা শুরু করেছে, সেটিকে কোনোভাবেই রাজনীতি নাম দিতে চাই না। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার হবে। এ ক্ষেত্রে অযৌক্তিক কোনো অনুরোধ বাংলাদেশ সরকার গ্রহণ করবে—এমন ধারণা হাস্যকর। শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার করা হবে। প্রয়োজনে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আলোচনার অনেক বিষয় রয়েছে। শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, নাকি পর্যটক ভিসায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই।
তিনি বলেন, আমরা প্রচলিত আইন অনুযায়ী কথা বলছি। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে। তাই বাংলাদেশ সরকার বিদ্যমান চুক্তির ভিত্তিতেই তাকে ফেরত পাঠানোর দাবি জানাবে। দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে, সে অনুযায়ীই তাকে বাংলাদেশে পাঠাতে হবে।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, ভারতীয় গণমাধ্যম ও দেশটির সরকারের বক্তব্য কী, তা সবাই দেখছেন। তবে জুলাই মাসে বাংলাদেশে কী ঘটেছিল এবং বর্তমানে কী পরিস্থিতি চলছে, সে সম্পর্কে দেশের মানুষ ভালোভাবেই অবগত।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, একজন গণহত্যাকারী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তার বক্তব্যকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট এবং মানুষ হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।








