Logo

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৬
পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা দেশের প্রাণিসম্পদ খাতের অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি শিল্পে ইতোমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। বর্তমানে এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি জানান, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত এসব খামার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বাড়াতেও ভূমিকা রাখছে। এ কারণে খামারিদের জন্য পশুপাখির চিকিৎসা ও রোগ প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করাকে সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছে।

প্রাণিসম্পদ খাতের অগ্রগতিতে রোগবালাইকে অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পশুচিকিৎসার জন্য ১৭ ধরনের টিকা উৎপাদিত হচ্ছে। তবে চাহিদার তুলনায় এই উৎপাদন যথেষ্ট নয়। এ পরিস্থিতি বিবেচনায় আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজেদের উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করা সম্ভব হলে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সহজ হবে। এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সদিচ্ছা ও কার্যকর বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পুষ্টিগতভাবে সমৃদ্ধ জনগোষ্ঠীর শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি তুলনামূলকভাবে বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের সঙ্গে পুষ্টি নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। একটি আত্মনির্ভরশীল ও মেধাসম্পন্ন জাতি গঠনে প্রাণিজ আমিষের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশের মানুষের মোট প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।

প্রাণিসম্পদ খাত এখন শুধু পশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, এটি ক্রমেই বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অংশ ১৬ দশমিক ৫৬ শতাংশ।

রপ্তানি আয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত আন্তর্জাতিক বাজারেও সম্প্রসারিত হচ্ছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। খাতটির সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।

উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের প্রাণিসম্পদ খাত আরও স্বয়ংসম্পূর্ণ হবে। একই সঙ্গে রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও তৈরি হবে।

তিনি জানান, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত বিভিন্ন উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এই সাফল্যকে কাজে লাগিয়ে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর জোর দেন তিনি।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের বাজারে বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও উৎপাদনমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহিষ পালন ও উৎপাদনের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও নির্দেশনা দেন সরকারপ্রধান। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন তুলনামূলক বেশি। এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় ব্যবস্থায় খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকের কাছে এসব প্রাণী মানসিক প্রশান্তির উৎস, আবার কারও জন্য আয়ের মাধ্যম। তবে মানুষের পাশাপাশি পশুপাখির অধিকার রক্ষার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

প্রাণীর অধিকার সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুযায়ী পশুপাখিকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে। তাদের অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দিতে হবে। স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভয় ও মানসিক যন্ত্রণা থেকেও মুক্ত রাখতে হবে। মানবিক সমাজ গঠনে প্রত্যেকেরই প্রাণীর অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও অর্জন সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। দেশের খামারিরাই এ শিল্পের মূল চালিকাশক্তি। তাঁদের পরিশ্রম, মেধা ও উদ্যোগের কারণেই খাতটি এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান তারেক রহমান। তিনি বলেন, তাঁদের এই অর্জন প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি। একই সঙ্গে দেশের উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রপ্তানি সম্প্রসারণের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্য প্রবেশ করাতে হলে ‘ফুড সেফটি’ এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার কাজ চলছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ, প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের যথাযথ সহযোগিতা নিশ্চিত করা গেলে দেশের প্রাণিসম্পদ খাত ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠবে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD