Logo

দুই পা হারানো তৃতীয় লিঙ্গের শাহিনের পাশে ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৯:৩৭
দুই পা হারানো তৃতীয় লিঙ্গের শাহিনের পাশে ডিসি ফরিদা
ছবি: সংগৃহীত

দুরারোগ্য রোগে দুই পা হারিয়েছেন। নষ্ট হয়ে গেছে হাতের আঙুলও। শারীরিক প্রতিবন্ধকতা ও চরম আর্থিক সংকটের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছেন তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত মোঃ শাহিন ভূঁইয়া। এবার তাঁর জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। জীবিকা নির্বাহের জন্য রাজধানীর জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করতে তাঁকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে তাঁর হাতে আর্থিক অনুদান তুলে দেন ডিসি ফরিদা খানম। এই সহায়তার মাধ্যমে শাহিন যাতে নতুন করে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। নানা প্রতিকূলতার মধ্যেও তাঁর বেঁচে থাকার ও স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা আমাদের অনুপ্রাণিত করে। আমরা চাই, তিনি যেন নিজের সামর্থ্য অনুযায়ী একটি ব্যবসা শুরু করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন। সমাজের অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাঁদের জন্য সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জেলা প্রশাসন সবসময় সচেষ্ট।”

শাহিনের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের বিদ্যামপাড়ায়। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকায় বসবাস করছেন। মাত্র সাত বছর বয়সে মাকে হারানোর পর সৎমায়ের সংসারে বড় হন তিনি।

২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ‘মাদুরা ফুট’ নামের একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন শাহিন। রোগের জটিলতা বাড়তে থাকলে একপর্যায়ে তাঁর একটি পা কেটে ফেলতে হয়। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে তাঁকে ভিক্ষাবৃত্তিতে যুক্ত হতে বাধ্য করা হলে বাবার সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। এরপর জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার পথ খুঁজে নিয়েছিলেন শাহিন। হুইলচেয়ারে চলাচল করে রাজধানীর জিয়া উদ্যানে পানি বিক্রি করতেন। সেই সামান্য উপার্জনেই চলত তাঁর জীবন। তবে ২০২৪ সালে একই রোগের জটিলতায় দ্বিতীয় পাটিও হারাতে হয় তাঁকে। পাশাপাশি নষ্ট হয়ে যায় হাতের আঙুলগুলো। এতে বন্ধ হয়ে যায় পানি বিক্রির কাজও।

তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত আয়ের সুযোগ সীমিত হয়ে পড়ে শাহিনের। চিকিৎসা, বাসস্থান ও দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েন তিনি। একপর্যায়ে জীবনধারণ করাই তাঁর জন্য কঠিন হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম সম্পর্কে জানতে পারেন শাহিন। পরে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহযোগিতা চেয়ে আবেদন করেন তিনি। আবেদনটি পাওয়ার পর জেলা প্রশাসক ফরিদা খানম তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

জেলা প্রশাসকের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার পর নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন শাহিন। তাঁর পরিকল্পনা, জিয়া উদ্যানে ছোট একটি ব্যবসা শুরু করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করবেন। দীর্ঘদিনের প্রতিকূলতা পেরিয়ে তাঁর এই উদ্যোগের লক্ষ্য শুধু আয়-রোজগার নয়, বরং নিজের প্রচেষ্টায় স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করা।

শাহিনের মতো শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটে থাকা একজন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগ তাঁর নতুন করে জীবন শুরু করার পথ তৈরি করেছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD