পলাতক আওয়ামী লীগ আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, পলাতক দলের প্রতারণা ও বিভিন্ন ফাঁদে পা দিয়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা নিজেদের বিপদ বাড়াচ্ছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেশী একটি রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ায় মোকাবিলা করা হচ্ছে।
এ সময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেগুলোর কোনোটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরের বিষয়টা আমার জ্ঞানে নেই। পরের বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে সাইনড এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে পলাতক আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত চেয়েছি।’
প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, ‘এজ ইউজুয়াল এ রকম আরও আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সে রকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এবং এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস। আমরাও দেই, সেই সমস্ত দেশ থেকেও আসামিদেরকে প্রত্যাবর্তন করায়।’
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে এবং তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।’
এদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিতভাবে বৈঠকে বসার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনো তাঁর সঙ্গে কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই নেতারা সাক্ষাতের সময় চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও বৈঠকের পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।








