চূড়ান্ত তালিকা প্রকাশ: দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখের বেশি

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গত ৩১ আগস্ট প্রকাশিত ভোটারসংখ্যার তুলনায় ২৫ নভেম্বর পর্যন্ত দেশে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। হালনাগাদ এই পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ভোটারসংখ্যা বেড়ে ১২ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে।
নির্বাচন কমিশন সচিব আরও জানান, হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করেই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগও নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।
আখতার আহমেদ জানান, এসব মতবিনিময় সভায় অংশ নিতে মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনী প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে দলগুলোর মতামত জানতে এই আলোচনার আয়োজন করা হয়েছে।








