Logo

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা: মজুরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৫:৩৮
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা: মজুরি বোর্ড
ছবি: সংগৃহীত

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পরও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে, দুই সদস্য ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ আলোচনায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা কোনো নির্দিষ্ট অঙ্কে একমত হতে না পারায় গোপন ব্যালটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

সভা শেষে ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সিদ্ধান্তের বিষয়টি জানান। তিনি বলেন, ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে নির্ধারিত হয়েছে। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মতবিরোধ থাকায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের আয়োজন করা হয়।

এ ক্ষেত্রে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষ ১৬ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। ছয় সদস্যের ভোটে চারজন মধ্যবর্তী অঙ্ক ১৭ হাজার টাকার পক্ষে অবস্থান নেন। বাকি দুই ভোট পড়ে ১৮ হাজার টাকার পক্ষে।

নতুন মজুরি কাঠামোর পাশাপাশি পুরোনো বেতনের সঙ্গে সমন্বয়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, বিদ্যমান বেতন কাঠামোর তুলনায় শ্রমিকদের মজুরি সমন্বয়ের ক্ষেত্রে অন্তত ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে বিভিন্ন গ্রেডের শ্রমিকরা এই সমন্বয়ের আওতায় আসবেন।

এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।

তিনি আরও জানান, দ্রুত খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। গেজেট প্রকাশের পর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুসারে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত জানানো হয়েছে। সে অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে যে বেতন দেওয়া হবে, তাতে নতুন মজুরি কাঠামো অনুসরণ করার কথা রয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আনুষ্ঠানিক সুপারিশ ও গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ।

মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধি ছিলেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD