Logo

নুসরাত তাবাসসুমের বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৮:৪৬
নুসরাত তাবাসসুমের বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে না পারায় সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫ থেকে ২০ পৃষ্ঠার সিলগালা করা তদন্ত প্রতিবেদন ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বেলা ১১টার দিকে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠকের মাধ্যমে প্রতিবেদন চূড়ান্ত করে সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে প্রতিবেদনের গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এর বিস্তারিত বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

চার সদস্যের এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কমিটি। এ কারণে সম্ভাব্য কারণগুলো নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতরে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং পুরোনো বৈদ্যুতিক তারের ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একজন সদস্য জানান, প্রতিবেদনে চার থেকে পাঁচটি সম্ভাব্য কারণ বিশ্লেষণ করে সেগুলো নিয়ে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

ঘটনাটি নাশকতা কিংবা পেট্রোলবোমা হামলার মাধ্যমে ঘটেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, পেট্রোলবোমা থেকে আগুন লাগার আশঙ্কা খুবই কম। দুই দফা তদন্ত পরিচালনা করেও এ ধরনের কোনো ঘটনার পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা অগ্নিকাণ্ডের সময় বাড়িতে অবস্থানকারী ব্যক্তিদের পাশাপাশি আশপাশের এলাকার একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য গ্রহণ করেন। তাদের দেওয়া তথ্য এবং ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আগুন লাগার সম্ভাব্য কারণগুলো নির্ধারণ করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিকভাবে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সময়সীমার শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম।

মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে এখন পর্যন্ত পেট্রোলবোমা হামলা বা নাশকতার পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD