Logo

শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৮:৫৩
শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত?
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। তবে শেখ হাসিনাকে সরাসরি দেশে ফেরার সুযোগ দেওয়ার পরিবর্তে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যর্পণ চুক্তি অনুসারেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, সংশ্লিষ্ট দেশও আইনানুগভাবে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শেখ হাসিনার বিভিন্ন সময়ে দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসিব আসিব বলিয়া কতদিন পার হবে- কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা অন্য কোনো গোষ্ঠী উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা দেশে থাকা দলীয় নেতাকর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচিতে অংশ নিতে নির্দেশনা দিচ্ছেন। এ ধরনের নির্দেশনার মাধ্যমে নেতাকর্মীদের প্রতারণার ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। কোনো প্রাণহানি বা সম্পদহানি ছাড়াই আগের অপচেষ্টাগুলো নস্যাৎ করা হয়েছে। ভবিষ্যতেও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, নিজেদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে দলটির পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তাদের সেই স্বীকৃতি দেবে না।

তিনি আরও বলেন, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে আর প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কী, তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগের কথা জানানো হলেও প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD