মিরপুরে ফুটপাতে পুনরায় বসা হকারদের ফের উচ্ছেদ করল ডিএনসিসি

মিরপুর-১০ এলাকায় পুনরায় ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর) পরিচালিত অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি দায়িত্ব পালন করেন।
অভিযান চলাকালে প্রশাসক জানান, মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএনসিসির কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি আবারও এলাকার বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করেন।
ডিএনসিসির মুখপাত্র মো. জাকির হোসেন বলেন, জনগণের প্রশংসিত এই পদক্ষেপ বাধাগ্রস্ত করতে গত কয়েকদিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসক নিজেই অভিযান পরিচালনা করে আবারও মিরপুর-১০ এলাকা হকারমুক্ত করেন।
উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি প্রশাসক মিরপুর-১০ ফুটওভার ব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন। এ সময় তিনি কাজটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।








